সাভারের আশুলিয়ায় নিজ বাসা থেকে অপহরণের প্রায় এক মাস পর ২ বছরের শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছা. বেলী বেগম (৩৫) নামের এক নারীকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে এসআরবি-৪ এর সিপিসি- ২।
এসআরবি সূত্রে জানা যায়, ভিকটিম মীম আক্তারের মা আশুলিয়ার পলাশবাড়ী বটতলা এলাকায় ভাড়ায় থেকে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। কারখানায় কাজের সময় শিশুকে দেখাশোনা করার জন্য গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে কাজে রাখেন শিশুটির পরিবার। গত ৮ সেপ্টেম্বর দুপুরে শিশুটির মা কারখানায় যাওয়ার সময় মীমের দেখভালের দায়িত্ব দিয়ে যান বেলীর কাছে। কিন্তু রাতে কাজ শেষে ফিরে এসে পরিবার দেখতে পায় শিশু মীম ও গৃহকর্মী বেলী উভয়েই বাসা থেকে নিখোঁজ। পরে আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনার পর এসআরবি-৪ ও এসআরবি-১৪ এর যৌথ ভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সোমবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন খালপাকুটিয়া দেওলাবড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী বেলী বেগমকে গ্রেপ্তার করে। পরে তার তথ্য অনুযায়ী, অপহৃত শিশু মীমকে জীবিত উদ্ধার করা হয়।
এসআরবি-৪’র সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এমএম রেজাউল হক জানান, আসামি বেলী বেগম পূর্বপরিকল্পিতভাবে গত ১ সেপ্টেম্বর ভিকটিমের বাসার কাছেই ঘর ভাড়া নেন ও ৮ সেপ্টেম্বর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যান। এমনকি তার দেওয়া তথ্য ও পরিচয় যাচাই করে জানা যায়। তিনি কৌশলে ভুয়া পরিচয় ব্যবহার করে আসছিলেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার তৃতীয় স্বামীর বর্তমান ঠিকানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এসআরবি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে তিনি।
