গেল মাস দুয়েকের বেশি সময় ধরে ইনজুরিতে ভুগছেন নাহিদ রানা। খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজেও। পুনর্বাসন চলাকালে মিরপুর শেরে-ই-বাংলায় মাঠে গেল মাসের শেষ দিকে আবারও চোট পেয়েছিলেন নাহিদ।
এর মধ্যে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গেছেন। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোকে দেখিয়েছেন নাহিদ। পরে সেখানেই ১০ দিনের রিহ্যাব সেশন করছেন এই পেসার। বিসিবি সূত্রে জানা গেছে, চোট খুব একটা গুরুতর নয়। দেশে ফিরে আরও ৩ থেকে ৪ সপ্তাহ নিজের ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন টাইগার এই পেসার। ফলে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলা হচ্ছে না এই পেসারের।
নাহিদের না থাকায় বাকিদের সুযোগ দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘দলের ওপর সেই প্রত্যাশার চাপ দিতে চাই না। আমরা ভালো খেলছি। সব ম্যাচই জরুরি। আগেই চাপ দিলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। প্রসেস যেন ঠিক থাকে, ফল তো দেখবই। নাহিদ রানাকে না পাওয়া অনেক বড় সেটব্যাক। ইঞ্জুরি নিয়ে তো কিছু করার নেই। তবে নাহিদ রানা বাদেও যারা খেলছেন, তারাও ভালো করছেন।'
'আমাদের বাকি ফাস্ট বোলাররা সবাই খুব ভালো করছেন। তাসকিন (আহমেদ) টেস্টে, নাহিদ রানা ছাড়াও বাকিরা যারা আছেন সবাই খুব ভালো বোলিং করছেন। হাসান (মাহমুদ), এবাদত (হোসেন চৌধুরী), শরিফুল (ইসলাম) আগের টেস্টে ৬ উইকেট পেয়েছেন। আমার মনে হয় আমাদের ফাস্ট বোলিং বিভাগ যথেষ্ট ভালো। নাহিদ রানা থাকলে এক্স ফ্যাক্টর থাকে। তবে যেহেতু চোট আছে সেখানে অত চিন্তা করছি না, দলে যারা আছেন তাদের নিয়েই ভাবছি।’
এসএইচ
