অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে ব্রিসবেন শহরের উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করছিলেন। এ সময় এক ব্যক্তি পানির মধ্য দিয়ে চার চাকার একটি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং সেটি পানিতে ডুবতে শুরু করে।
এবিসির প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি বুঝতে পেরে মারে ও আরেক ব্যক্তি সাঁতরে গাড়িটির কাছে যান। এরপর গাড়িটি পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে তারা চালককে বের করে আনেন।
ঘটনাটি প্রত্যক্ষ করা এবিসির ক্যামেরা অপারেটর লিজ পিকারিং বলেন, তারা দুজন নিশ্চিতভাবেই ওই ব্যক্তির জীবন বাঁচিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
এবিসি জানায়, ঘটনার সময় মরিফিল্ড শহরে বৃহস্পতিবার প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এতে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্র : রয়টার্স
