গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্ট্যান্ড ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অভিযান চলাকালে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল হয়ে সাওঘাট এলাকা পর্যন্ত মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন। অভিযান শেষে দখলমুক্ত অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে কিছুদিন পর আবার ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়। এবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় যাতে নতুন করে কেউ দখল করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিতভাবে এলাকায় কাজ করবেন। পরবর্তী সময়ে সড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে।
