আজকাল ওয়েবডেস্ক: মহাষ্টমীর পুণ্যতিথিতে দেবী আরাধনায় মাতোয়ারা রাজ্যবাসী। সোমবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া ও অঞ্জলি নিবেদন করতে ভক্তদের ভিড় চোখে পড়ে। মহাষ্টমীতে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো উপলক্ষে জমজমাট আয়োজন। আদ্যাপীঠেও এদিন ভক্তদের ঢল চোখে পড়ার মতো।
মহাষ্টমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং আদ্যাপীঠ মন্দিরে। এবার ৫০ বছরে পদার্পণ করেছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের দুর্গাপুজো। এই বিশেষ বছরকে স্মরণীয় করে রাখতে মহাষ্টমীর দিন ৫০ জন কুমারীকে দেবীজ্ঞানে পুজো করা হয়।
দূরদূরান্ত থেকে কুমারীপুজোয় অংশ নিতে মিশনে উপস্থিত হয় কুমারীরা। রীতি মেনে তাদের দেবীরূপে আরাধনা করেন পুজোর উদ্যোক্তারা। মিশনের দুর্গাপুজোর সুবর্ণজয়ন্তী বর্ষে ৫০ জন কুমারীর পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়।
অন্যদিকে, মহাষ্টমী উপলক্ষে ভক্তদের ঢল নামে আদ্যাপীঠ মন্দিরেও। সকাল থেকেই শুরু হয় মা দুর্গার অষ্টমীপুজো। দেবীর চরণে অঞ্জলি নিবেদন করতে মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত।
অষ্টমীপুজোর পর নিয়ম মেনে আয়োজন করা হয় সন্ধিপুজোর। এই বিশেষ পুজো দর্শন করতে এবং দেবীর আশীর্বাদ নিতে বহু মানুষ উপস্থিত হন মন্দির প্রাঙ্গণে। মহাষ্টমীর পুজো, কুমারী আরাধনা এবং অঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে জেলার দুই ধর্মীয় প্রতিষ্ঠানে দিনভর উৎসবের আবহ তৈরি হয়। ভক্তদের বিশ্বাস, দেবীর আরাধনার মধ্য দিয়ে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে।
