প্রায় এক বছর আগে আইফার মঞ্চেই সৌজন্যমূলকভাবে পরস্পরের কাছাকাছি এসেছিলেন বলিউড অভিনেতা শাহীদ কাপুর ও অভিনেত্রী কারিনা কাপুর। যার মধ্য দিয়ে ইতিটানা হয়ে গিয়েছিল দীর্ঘ ১৮ বছরের মান-অভিমান পর্বের। বছর পেরোতেই দেখা গেল আবার তারা কাছাকাছি এসেছেন। মান-অভিমান পর্বের ইতিটানার পাশাপাশি তাদের সম্পর্কটা আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে কারণে একে অপরকে আলিঙ্গন করতেও কোনো দ্বিধা-সংকোচ ছিল না।
এর আগে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘জব উই মেট’-এর জুটিকে আলিঙ্গন করতে দেখে পাপারাজ্জিরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। সেই বিরল মুহূর্ত মুহূর্তেই ক্যামেরায় বন্দি করে ফেলেন তারা। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই দাবানলের গতিতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। আর তা দেখে নস্টালজিয়ায় অনেকে দাবি জানিয়েছেন, এ জুটিকে নিয়ে ‘জব উই মেট’-এর সিক্যুয়েল নির্মাণ করা হোক।
এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে পুরোনো সম্পর্ক নিয়ে আবার শুরু হয়েছে নতুন করে আলোচনা। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে কারিনা কাপুরকে। কেননা এ অভিনেত্রী নিজেই শাহীদ কাপুরকে ছেড়ে চলে গিয়েছিলেন নবাব সাইফ আলি খানের কাছে। সম্প্রতি হঠাৎ করে আইফার মঞ্চে দেখা হয়ে গেল সেই শাহীদ কাপুর ও কারিনা কাপুর খানের রোমাঞ্চ। শুধু তাই নয়, কুশল বিনিময়ের পর সাবেক এ প্রেমিক যুগল উষ্ণ আলিঙ্গনও করেছেন। যার ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা দেখে তাদের পুরোনো সম্পর্ক নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন।
সম্পর্ক ভাঙার অনেক দিন পর শাহীদ কাপুর অতীত ভুলে সংসার পেতেছেন মীরা রাজপুতের সঙ্গে। অন্যদিকে একইভাবে কারিনা কাপুরও বলিউডের অলিখিত নবাব অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শাহীদ কাপুর ও কারিনা কাপুর উভয়েই পেয়েছেন পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ। তবু নানা সময় নানাভাবে আলোচনায় উঠে আসে শাহীদ-কারিনার প্রেমকাহিনি।
এ তারকা জুটি কেন তারা একে অপরের থেকে আলাদা হয়েছিলেন? এমন প্রশ্ন নিয়ে এখনো কৌতূহল চোখে পড়ে তাদের ভক্ত-অনুরাগীদের। যে কারণে শাহীদ ও কারিনার হঠাৎ দেখা একে অপরের আলিঙ্গন করা নিয়ে নতুন আলোচনার জন্ম দেবে– এটিই তো স্বাভাবিক, যা বাস্তবেও হয়েছে।