শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সদর উপজেলার মোট ১ হাজার ৫০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব নতুন বস্ত্র বিতরণ করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসেনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস।
শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরের সভাপতি ডা. অমিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার, শ্রী রামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় এবং জেলা বিএনপি সমর্থিত মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মোসলেমা বেগম মিলি কায়কোবাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আশ্রমে আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দুই দিনব্যাপী এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেএইচআর
