গত দুই-তিন বছর বাদ দিলে ব্যালন ডি’অরের লড়াইটা ছিল মূলত ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। দুজন মিলে ১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন। সম্প্রতি তাঁরা ব্যালন ডি’অরের লড়াইয়ে না থাকলেও কে সেরা, সেই বিতর্ক এখনো চলমান। ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি ভিন্ন উদ্যোগে আবারও তাঁদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় এসেছে।
১০ ফুটবল কিংবদন্তিকে নিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ীর সেরা মৌসুম বাছাইয়ে ভোট চালু করেছে এই পুরস্কারের অফিসিয়াল প্ল্যাটফর্ম। সেখানে দুই মহাতারকার মধ্যে বিরাট ব্যবধান দেখা যাচ্ছে। অক্টোবরের শুরুতে এই ভোটাভুটি শুরু হয়েছে। ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এটি চলবে। তবে বিজয়ী হিসেবে কোনো ব্যক্তির নাম ঘোষণা করা হবে না। অন্তত দুবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ ফুটবলারের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে।
রোনালদো ও মেসি ছাড়াও এই তালিকায় আছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো। তাঁদের মধ্যে ব্রাজিলিয়ান রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে এবং ডাচ কিংবদন্তি ফন বাস্তেন ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে এই পুরস্কার জেতেন। প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে ব্যালন ডি’অর পেয়েছিলেন।
এই ভোটাভুটির অন্যতম আলোচিত বিষয় হলো, ভোট দিতে হলে এক ইউরো খরচ করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত একজন ভোটারকে এ বছরের অনুষ্ঠানের দুটি টিকিট দেওয়া হবে। পাশাপাশি ট্রফির একটি আইকনিক ছবি ডাউনলোড করার সুযোগও থাকবে। ভক্তরা একই ব্যালন ডি’অরজয়ীকে একাধিকবার ভোট দিতে পারবেন। একই সঙ্গে প্রত্যেক প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন, তা-ও দেখতে পারবেন।
এখন পর্যন্ত রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের পাঁচটি ব্যালন ডি’অরের প্রথমটি জেতেন তিনি। অন্যদিকে, মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে ১৩ শতাংশ ভোট। ওই বছর এক পঞ্জিকাবর্ষে মাত্র ৬৯ ম্যাচ খেলে ৯১ গোল করেছিলেন মেসি। একই সঙ্গে রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি।
সেরার দৌড়ে মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম ৯ শতাংশ ভোট নিয়ে পরের অবস্থানে রয়েছে। ওই বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতান তিনি। পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ৪১ ম্যাচে ২১ গোল ও ২০টি অ্যাসিস্ট করেন। তাঁর দল ওই মৌসুমে লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপ জেতে।
এই তালিকায় ৭ শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রোনালদোর ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম। আর তাঁর ২০১৬ সালের পুরস্কারজয়ী মৌসুম পেয়েছে ২ শতাংশ ভোট।
