ব্যাপক আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের সাথে থাকছেন না আশরাফুল। নতুন বিদেশি কোচ আসার আগে আপাতত ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজসহ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিংয়ের করুণ দশা অনেক দিন ধরেই। ঘরের মাঠে কিছু সিরিজ ভালো গেলেও ঘরের বাইরে সংগ্রাম করছেন বাংলাদেশের ব্যাটাররা। দুইশর বেশি রান তাড়া করতে গেলেই আটকে যাচ্ছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামলেও দুইশ-আড়াইশ রান করতে হিমশিম খেতে হচ্ছে। যেখানে অন্য অনেক দল ৩০০ এমনকি ৪০০ রান করছে এবং তাড়াও করছে।
বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে প্রায় এক বছর কাজ করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০২৫ সালের আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। জাতীয় দলের সাথে আর না থাকলেও অন্য দলে দেখা যেতে পারে আশরাফুলকে।
মোহাম্মদ সালাউদ্দিন দেশের ক্রিকেটের নামী কোচ। ২০২৪ সালের নভেম্বর মাসে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয় সালাউদ্দিনকে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সালাউদ্দিনের নিয়োগের সাথে সাথেই জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে (বর্তমানে নারী দলের প্রধান কোচ) জাতীয় দল থেকে সরানো হয়। তখন থেকে ফিল সিমন্স এবং সালাউদ্দিন মিলেই ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কিছুদিন আগে এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বিদেশি ব্যাটিং কোচ আসার আগ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন সালাউদ্দিন।
সূত্র: বিডি ক্রিকটাইম
