স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল সাইফুল ও জুয়েল এখনো গ্রেপ্তার হননি। এ ঘটনায় মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবারের (২৪ অক্টোবর) মধ্যে সমঝোতা না করলে তার ‘লাশ পড়ে থাকবে’ বলে হুমকি দেওয়া হয়। শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, হুমকিদাতার কথোপকথনের একটি অডিও তাকে পাঠানো হয়েছে। অডিওটি যাচাই করা হচ্ছে।
এদিকে হুমকিদাতার কথোপকথনের অডিওতে তাকে প্রথমে সালাম দিয়ে মামলার বাদী হওয়ার বিষয়ে প্রশ্ন করতে শোনা যায়। একপর্যায়ে হুমকিদাতা অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং বলেন, ‘কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে।’ পরে আফসার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি আরও হুমকি দেন। কথোপকথনে তাকে বলতে শোনা যায়, ‘কালকের দিন সময় দিলাম, তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’
প্রতিষ্ঠানটির একজন জানান, হামলার পর কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি হিসেবে অভিযুক্ত সাইফুল ও জুয়েল এখনো গ্রেপ্তার হননি। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নাম ব্যবহার করে তাদের নেতৃত্বে হামলা চালানো হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জানায়, এখন থেকে জমির ভাড়া ইমনকে দিতে হবে। হামলার পর কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়।
