ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি মন্দিরে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ওপর উঠে গিয়ে প্রবেশদ্বারের ফটকে সজোরে ধাক্কা দিয়েছে। এতে অন্তত ১২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে শীতলা মাতা মন্দির চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিদেশী গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাকের তীব্র আঘাতে মন্দিরের প্রবেশপথের দেয়ালের একটি অংশ ধসে পড়লে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক ট্রাকটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও এর আশপাশের জেলার বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়র ও সংলগ্ন এলাকাগুলো থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন। ভিড় সামলাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল প্রশাসন। তবে রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাককে ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করা হয়। এ সময় একটি ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের পাঁচ থেকে ছয়টি প্রসাদের দোকান ও সেখানে উপস্থিত ভক্তদের মাড়িয়ে যায়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সেটি সজোরে মন্দিরের প্রধান প্রবেশদ্বারে গিয়ে আছড়ে পড়ে। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৪১ জন হতাহত হন।
