হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। বুধবার (২১ অক্টোবর) দশমী। এদিন মা দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার উৎসব। পূজা শুরু হওয়ার পর থেকে নীলফামারীর সৈয়দপুরের হাটগুলোতে গরুর আমদানি কমে যাওয়ায় বাজারে বর্তমানে গরুর মাংসের দাম দাঁড়িয়েছে ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা কেজি। বুধবার (২১ অক্টোবর) সৈয়দপুরের বাজারে গেলে এ চিত্র দেখা গেছে। অথচ কয়েক দিন আগেও বাজারে গরুর মাংস ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
কথা হলে স্থানীয় কসাইরা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষই বেশির ভাগ গরু লালন-পালন করেন। তাঁদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর কয়েক দিন আগে থেকেই হিন্দু সম্প্রদায়ের কেউ তাঁদের পালন করা গরু বিক্রি করতে হাটে আসছেন না। ফলে হাটগুলোতে গরুর আমদানি কমে যাওয়ায় দাম অনেক বেড়ে গেছে। গরুর দাম বেড়ে যাওয়ার কারণে মাংসের দামও বেড়েছে।
এ সময় কসাইরা জানান, আগামীকাল বা পরশু থেকে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। এর কারণ হিসেবে তাঁরা জানান, দশমীর মধ্য দিয়ে পূজার উৎসব শেষ হলেও এর রেশ আরও দেড় সপ্তাহের মতো বিরাজ করবে। ফলে মাংসের দাম তেমন একটা কমবে না।
অন্যদিকে, সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার ক্রেতা সাবের হোসেন, কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তরের দুলু এবং লক্ষণপুর ইউনিয়নের বালাপাড়ার বিশাদু জানান, এমনিতেই চারদিকে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। মানুষ ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকায় শ্রমিকদের মজুরিও বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ মাংসের দাম বেড়ে যাওয়ায় অনেকেই গরুর মাংস কিনতে পারছেন না।
