ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি পূজামণ্ডপে ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের নির্দেশনা দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথন আনন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম এবং নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
এ ছাড়া সভায় বাদল দেব, লিটন রায়, উজ্জ্বল রায়, তাপস রঞ্জন দাস ও সচিন্দ্র কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার সহযোগিতায় নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানানো হয়।
The post নাসিরনগরে ১৪২ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতিমূলক সভা appeared first on ভোরের চেতনা.
