ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলে বাংলাদেশ। সেই জিম্বাবুয়ে পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হারে। ফলে ফাইনালে উঠতে তিন দলেরই সামনে এসেছে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুধু জয়ই যথেষ্ট নয়, জয়ের ব্যবধানও হতে হবে নির্দিষ্ট।
দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ফলে এখন রানের সমীকরণেই চোখ থাকবে হৃদয়-শান্তদের। আগে ব্যাটিং করায় তুলনামূলক সহজ হিসাব মেলানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ফাইনালে উঠতে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রান।
পরে ব্যাটিং করলে বাংলাদেশের জন্য হিসাবটা আরও জটিল হতো। আফগানিস্তান ৩০০ রান করলে তা পেরোতে হতো ৪২.২ ওভারের মধ্যে। রানের হিসাবের সমীকরণে কিছুটা পরিবর্তন এলেও তা বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়ে দিত। এখন আগে ব্যাটিংয়ে নেমে যতটা সম্ভব বড় সংগ্রহ গড়তে চাইবে টাইগাররা।
ফাইনালে ওঠার এই লড়াইয়ে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ওয়ানডেতে ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
