লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাইলটীয়ান ফুটবল টুর্নামেন্ট। গতকাল রোববার (১৮ অক্টোবর) সেন্ট পলস স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মাস্টার্স কাপ ও ওপেন কাপ- দুই বিভাগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের মাস্টার্স কাপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল পাইলটীয়ান এবং রানার্সআপ হয়েছে পাইলটীয়ান গ্লোরিয়াস স্টার। অন্যদিকে, ওপেন কাপ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাইলটীয়ান গ্লোরিয়াস। এ বিভাগে রানার্সআপ হয়েছে পাইলটীয়ান লিজেন্ড।
টুর্নামেন্টের সফল আয়োজন উপলক্ষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড় ও দলের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকেরা তাঁদের শুভেচ্ছা বার্তায় বলেন, এ আয়োজন সফল করার পেছনে খেলোয়াড়দের পাশাপাশি স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও দর্শকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সবার আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও উপস্থিতি ছাড়া এ ধরনের আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
প্রবাসে এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাইলটীয়ান ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী কমিউনিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
