Published on
:
1 min read
আর্থিক টানাপোড়েন ও মানসিক অবসাদের জেরে আত্মহননের পথ বেছে নিলেন মহারাষ্ট্রের লাতুর জেলার এক কৃষক। সোমবার ওই কৃষক নিজের ফার্মে একটি ভিডিয়ো রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করেন। এর পরেই সেই ভিডিয়ো দেখে কৃষকের খোঁজ শুরু করেন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
এ বছর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় খরা দেখা দিয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। লাতুর জেলায় বরগাঁও গ্রামে বাসিন্দা শঙ্কর অবনরাও ক্ষীরসাগর (৪৬)। জমিতে সয়াবিন চাষ করেছিলেন তিনি। কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে যায়। পাশাপাশি, ডাক্তারি পড়ার খরচ না দিতে পারায় বেশ কিছু দিন ধরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
মহারাষ্ট্রে খরা আক্রান্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ ঘোষণা করা হলেও তিনি ত্রাণ পান নি বলে অভিযোগ শঙ্করের। নিজের ফার্মে বসে ভিডিয়ো রেকর্ড করে এই অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, ফার্ম থেকে শঙ্করের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
লিম্বগাঁও থানার সহকারী পুলিশ অফিসার জানান, সরকারের পক্ষ থেকে খরা আক্রান্ত কৃষকদের ত্রাণ ও তাঁদের সন্তানদের পড়াশোনার ফি মুকুব করার কথা জানানো হলেও তিনি এই সুবিধা পান নি। অনুমান, সেই কারণেই মানসিক অবসাদের কারণেই শঙ্কর আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
