প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তাঁর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। শনিবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম ও অব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আকস্মিক পরিদর্শন শুরু করেন তারেক রহমান। বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখার পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর চোখে পড়ে। বিষয়টি দেখার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন। এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সরকারি বাংলা কলেজেও যান তিনি।
এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকাগুলোর অবস্থাও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে পাইকপাড়া, কলাবাগান ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন তিনি। পাশাপাশি মিরপুর-১০ নম্বর এলাকার হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। অন্যদিকে আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনের একপর্যায়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসকের দায়িত্ব পালনের পরিবেশ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার নানা দিক উঠে আসে।
