পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে।
ডন লিখেছে, তাদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। এর আগে ২১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, আল খায়ের স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল।
পরে ডেপুটি কমিশনার জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছেন এবং ঘটনাস্থলে আর কোনো আহত শিশু আটকে নেই।
এর আগে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছিলেন, উদ্ধারকর্মীরা শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে গেছেন। সে সময় লেডি রিডিং হাসপাতালের বরাতে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন তিনি।
হাসপাতালের মুখপাত্র আরও জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
The post পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
