বিশ্বজুড়ে ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলকের দিকে এগোচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৫৮২ কোটি রুপি ছাড়িয়েছে। তবে সপ্তম দিনে আগের দিনের তুলনায় আয় কমেছে প্রায় ৪০ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’-এর বিশ্বব্যাপী মোট আয় ৫৮২ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে ভারতে সিনেমাটির নেট আয় ৩১৭ কোটি ২০ লাখ রুপি। বক্স অফিসের এই হিসাব দিয়েছে চলচ্চিত্রবিষয়ক তথ্য সংগ্রহকারী সংস্থা স্যাকনিল্ক।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৮ কোটি ১৫ লাখ রুপি। আগের দিন মঙ্গলবার আয় ছিল ৪৬ কোটি ৮০ লাখ রুপি। ফলে এক দিনের ব্যবধানে আয় কমেছে প্রায় ৩৯ দশমিক ৯ শতাংশ।
তবে প্রথম সপ্তাহের আয় বিবেচনায় সিনেমাটি এখনো শক্ত অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী আয়ের হিসাবে এটি অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-এর ৫৬০ কোটি ২ লাখ রুপির আয়ও ছাড়িয়ে গেছে। এর ফলে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যার বিশ্বব্যাপী আয় ১ হাজার ৮১৩ কোটি ৩৯ লাখ রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২২ অক্টোবর সিনেমাটির অষ্টম দিনের আয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। স্যাকনিল্কের অগ্রিম টিকিট বিক্রির হিসাবে, ওই দিন ভারতজুড়ে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় ছিল প্রায় ৫ কোটি ৮৬ লাখ রুপি। তবে এটি পূর্ণ দিনের বক্স অফিস সংগ্রহ নয়। দিনের শেষের হিসাব প্রকাশ হলে সিনেমাটির আয়ের গতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোহনলাল। মুক্তির প্রথম সপ্তাহের সাফল্যের পর এখন নজর দ্বিতীয় সপ্তাহের আয়ের দিকে। ৬০০ কোটি রুপির মাইলফলক পেরোনোর পাশাপাশি সিনেমাটি শেষ পর্যন্ত কত আয় করে, সেটিই এখন দেখার বিষয়।
