জালালাবাদ ডেস্ক: দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন এবং হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। অন্যদিকে, হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৫৮ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন। পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের। সব মিলিয়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
হাম উপসর্গে গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
ডেঙ্গু ও হাম—দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করছে।
