অস্ট্রেলিয়ার এমপিকে গাড়িচাপা, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপার ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দেশটির ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাটায় তার কার্যালয়ের বাইরে ইচ্ছাকৃতভাবে তাকে গাড়িচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
সোমবার (১৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিক্টোরিয়া পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াঙ্গারাটা শহরটি মেলবোর্নের উত্তর-পূর্বে প্রায় তিন ঘণ্টার সড়কপথের দূরত্বে অবস্থিত। আহত হেইনসকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী আলবানিজ।
সোমবার এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, ‘এই কঠিন সময়ে হেলেন, তার পরিবার, বন্ধু, সহকর্মী ও তার এলাকার মানুষের প্রতি আমাদের সমবেদনা ও সমর্থন রয়েছে। আমরা তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’
ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট অ্যাশলি মেসন সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় জনসাধারণের জন্য নতুন করে কোনো হুমকি নেই।
প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো সময় এখনো আসেনি। তবে গ্রেপ্তার ব্যক্তিকে কেন্দ্র করে তদন্ত করবে পুলিশের সন্ত্রাসবাদবিরোধী বিশেষ টাস্কফোর্স।
হেইনসের পরিবারের পক্ষ থেকে তার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ঘটনাস্থলে দ্রুত সহায়তা দেওয়া ব্যক্তিদের, তাকে চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীদের এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে।
ঘটনাটি ঘিরে অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
