
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় সূত্র বলছে, টুটুল ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন। তিনি সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টুটুল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় এসে দলকে সংগঠিত করতে কাজ করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে টুটুলের পরিবারের ভাষ্য, চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।
সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা না থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় এসে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করছিলেন। তাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন
