নিয়মিত কথা হয়, একে অপরের খোঁজ নেওয়া হয়, ভাগাভাগি হয় ব্যক্তিগত অনুভূতি। কখনো তৈরি হয় অভিমান, আবার কখনো থাকে হারিয়ে ফেলার ভয়। অথচ সম্পর্কটির কোনো নির্দিষ্ট নাম নেই। প্রেমের দিকে এগোচ্ছে সম্পর্ক, নাকি বন্ধুত্বেই সীমাবদ্ধ থাকবে; এমন অনিশ্চিত অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে ‘মেবিলেশনশিপ’ শব্দটি। জেন জির সম্পর্কের ধরন নিয়ে আলোচনায় এই শব্দটি নতুন মাত্রা যোগ করেছে।
ইংরেজি ‘মেবি’ (Maybe) ও ‘রিলেশনশিপ’ (Relationship) শব্দের সমন্বয়ে তৈরি মেবিলেশনশিপ। সহজভাবে বললে, এটি এমন একটি সম্পর্কের পর্যায়, যেখানে দুজনের মধ্যে রোমান্টিক আকর্ষণ থাকলেও প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়ে কেউ নিশ্চিত নন।
জেন জির সম্পর্কে কেন এমন অনিশ্চয়তা?
ডিজিটাল যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যম জেন জির পরিচিত হওয়া এবং সম্পর্ক গড়ে তোলার ধরনে পরিবর্তন এনেছে। মেসেজ, ভিডিও কল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে তৈরি হতে পারে ঘনিষ্ঠতা। কিন্তু নিয়মিত যোগাযোগ মানেই যে দুজন একই ধরনের সম্পর্ক চান, তা নয়।
কেউ হয়তো সময় নিয়ে অপরজনকে জানতে চান। কেউ আবার আগের সম্পর্কের অভিজ্ঞতা, প্রত্যাখ্যাত হওয়ার ভয় কিংবা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়ানোর দ্বিধা থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে চান না। ফলে দুজনের মধ্যে ভালো লাগা থাকলেও সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যায়।
সিচুয়েশনশিপের সঙ্গে পার্থক্য কী?
মেবিলেশনশিপ ও সিচুয়েশনশিপের মধ্যে মিল থাকলেও কিছু পার্থক্য রয়েছে। মেবিলেশনশিপে মূল প্রশ্ন থাকে, দুজন আদৌ প্রেমের সম্পর্কে জড়াবেন কি না। অন্যদিকে, সিচুয়েশনশিপে প্রেমের মতো ঘনিষ্ঠতা তৈরি হলেও সম্পর্কের পরিচয়, সীমারেখা কিংবা প্রতিশ্রুতি স্পষ্ট নাও হতে পারে।
তবে বাস্তবে দুটি অবস্থার মধ্যে স্পষ্ট সীমারেখা নেই। মেবিলেশনশিপ সময়ের সঙ্গে সিচুয়েশনশিপে রূপ নিতে পারে, আবার খোলামেলা আলোচনার মাধ্যমে তা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কেও পরিণত হতে পারে।
কীভাবে বুঝবেন আপনি মেবিলেশনশিপে আছেন?
কারও সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, দুজনের মধ্যে ভালো লাগা রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কখনো আলোচনা হয়নি—এমন পরিস্থিতি মেবিলেশনশিপের ইঙ্গিত হতে পারে। একজন সম্পর্কটি এগিয়ে নিতে চাইলেও অন্যজন যদি সিদ্ধান্তহীন থাকেন, তাহলে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
এ অবস্থায় অতিরিক্ত চিন্তা, ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই নিজের অনুভূতি ও প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার থাকা জরুরি।
অনিশ্চয়তা কাটানোর উপায়
সম্পর্কের ভবিষ্যৎ বুঝতে অপর ব্যক্তির সঙ্গে খোলামেলা কথা বলা সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি। সরাসরি প্রশ্ন করতে অস্বস্তি হলে বলা যেতে পারে, ‘তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। তুমি আমাদের সম্পর্কটিকে কীভাবে দেখছ?’
এ ধরনের আলোচনা কাউকে সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য নয়; বরং দুজনের প্রত্যাশা বোঝার জন্য। অপর ব্যক্তি সম্পর্কের জন্য প্রস্তুত না থাকলে তাঁর সিদ্ধান্তকে সম্মান করার পাশাপাশি নিজের মানসিক স্বস্তি ও সীমারেখার প্রতিও যত্নবান থাকা প্রয়োজন।
মেবিলেশনশিপের কোনো সর্বজনস্বীকৃত মনোবৈজ্ঞানিক সংজ্ঞা নেই। এটি মূলত সম্পর্কের অনিশ্চিত পর্যায় বোঝাতে ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ। তাই সম্পর্কের নামের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সম্মান, সততা ও প্রত্যাশার স্বচ্ছতা। জেন জির সম্পর্কের এই নতুন আলোচনাও শেষ পর্যন্ত মনে করিয়ে দেয়, ভালো লাগার পাশাপাশি সম্পর্ককে এগিয়ে নিতে দুজনের বোঝাপড়া জরুরি।
