বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি, সড়ক নিরাপত্তাবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, পরামর্শ সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ গেট ও থানা মোড়ে উন্মুক্ত পরামর্শ সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সভায় সড়কে চলাচলের নিয়মকানুন, দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন বক্তারা।
সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, নিসচা কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা মোজাম্মেল হক ও আব্দুর রউফ স্ট্যালিন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম, নন্দীগ্রাম থানার উপপরিদর্শক আমির উদ্দিন এবং নিসচার কর্মী মাহমুদুল হাসান, রাব্বি হাসান, আব্দুর রউফ উজ্জ্বল, জাকারিয়া লিটন, খায়রুল ইসলাম, শুভ আহমেদ ও আব্দুল কুদ্দুস সরকার।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। দুর্ঘটনা কমাতে সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক নিরাপদ রাখা এবং প্রাণহানি রোধ করা সম্ভব।
এমএ
