বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, সৌদি আরবে দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় দেশটির সরকারের কাছে জবাব চাইতে হবে। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির দাবিতে দলটির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে কাজ করছেন। তাদের শ্রম ও ঘামে বিভিন্ন দেশের উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। শুধু সৌদি আরবেই বাংলাদেশের ৫০ লাখের বেশি মানুষ কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশিকে কী অভিযোগে এবং কী প্রক্রিয়ায় বিচার করে শিরশ্ছেদ করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, প্রবাসী শ্রমিকেরা বিদেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও তাদের সুরক্ষায় বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যকর ভূমিকা দেখা যায় না। প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে।
তিনি আরো বলেন, প্রতি বছর বহু প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে আসে। বিদেশে তাদের মৃত্যু, নির্যাতন এবং দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানির ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় সরকারকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে এবং দেশটির কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণ ব্যাখ্যা চাইতে হবে। প্রয়োজনে সৌদি দূতাবাস ঘেরাওসহ কর্মসূচি পালনের কথাও জানান তিনি।
সিপিবি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও অন্যান্য বামপন্থী শক্তি এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবে উল্লেখ করে তিনি প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় জনমত গড়ে তোলার আহ্বান জানান।
