টানা ছুটির সুযোগে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের বেশি ছুটিতে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন রুমায়। শারদীয়া দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবের কারণে টানা বেশ কয়েকদিন সরকারের সাধারণ ছুটি থাকে। মূলত এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তরে থাকা ভ্রমণ পিপাসুরা ঘুরায়ে বেড়ানো সুযোগ তৈরি হয়েছে।
পর্যটক গাইড অফিসের তথ্যমতে, গত তিন দিনে ৫ হাজার ৫০২ জন পর্যটক রুমা ভ্রমণ করেছেন। এর মধ্যে ২০ অক্টোবর ২,০১১ জন, ২১ অক্টোবর ২,১৩২ জন এবং ২২ অক্টোবর ১,৩৬৯ জন পর্যটক রুমায় এসেছেন। এছাড়া শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৯১৩ জন পর্যটক রুমায় প্রবেশ করেছেন, যা বিকাল ৫টা নাগাদ ২ হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন গাইড ব্যবস্থাপক।
রুমার উল্লেখযোগ্য পর্যটন স্পট বগালেক, কেওক্রাডং, সুনসং পাড়া, মুনলাই পাড়া ও প্রাকৃতিক ঝর্ণা রিজুকসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তা ও পথ প্রদর্শনের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লা থেকে আসা পর্যটক মামুন (৪১) বলেন, রুমায় এটি তার দ্বিতীয় ভ্রমণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার বগালেকে এসেছিলেন, তখন পায়ে হেঁটে খাল বেয়ে যেতে হয়েছিল। এবার মোটরবাইকে করে বগালেক হয়ে সুনসং পাড়া পর্যন্ত ঘুরেছেন, যা তার কাছে দারুণ অভিজ্ঞতা।
ঢাকা থেকে আসা আরেক পর্যটক মতিউর রহমান বলেন, রুমার রাস্তা খাড়া হলেও নিরাপত্তার দিক থেকে বেশ ভালো। বগালেক ও কেওক্রাডংয়ে এসে মেঘ ছুঁয়ে দেখার মতো অবর্ণনীয় আনন্দ উপভোগ করছেন, যা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এ বিষয়ে পর্যটক গাইড ব্যবস্থাপক রৌকুয়াল বম বলেন, “গত তিন দিনে বিভিন্ন স্থান থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি পর্যটক রুমায় এসেছেন। ছুটি আরও কয়েকদিন থাকায় এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
