ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের দংশনে মোছাম্মৎ মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মোছলেহা খাতুন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাড়াগাঁও পাঁচপাই এলাকার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো. সানোয়ার ওরফে ছনু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের বাঁ হাতে বিষাক্ত সাপ দংশন করে। পরে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৪টার দিকে তাঁকে সাপের বিষের প্রতিষেধক দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে তাঁকে আবারও ইনজেকশন দেওয়া হয়। এর এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোমতাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
