বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইদুল (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন লাতু বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।
আটক মো. সাইদুল বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের মো. জলিলের ছেলে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাতু বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ইয়াবাসহ সাইদুল নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
