প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ঘিরে ঢাকা-জাপান আকাশপথে যোগাযোগ জোরদারের উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকা-নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম জানান, নতুন সূচি অনুযায়ী প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বৃহস্পতিবারের অতিরিক্ত ফ্লাইটটি ২৯ অক্টোবর থেকে চালু হবে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি এ তথ্য জানান। বিমান কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন। সফর শেষে ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নতুন চালু হতে যাওয়া বৃহস্পতিবারের ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রায় তিন মাসের মাথায় ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল বিমান। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর এই রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছিল।
প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া, বাণিজ্যিক কার্যক্রমের ফলাফল এবং উড়োজাহাজের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল সংস্থাটির।
বিমান কর্মকর্তারা জানান, সরাসরি ফ্লাইট চালুর পর বিশেষ করে জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে এ সেবা ব্যবহারে আগ্রহ দেখা গেছে। বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও ঢাকা-নারিতা রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নারিতাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশি যাত্রীদের উত্তর আমেরিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে বিমান। এ লক্ষ্যে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার ব্যবস্থার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত অংশীদারত্ব কার্যকর হলে নারিতা হয়ে ভ্যাঙ্কুভার, লস অ্যাঞ্জেলেস ও সিউলের মতো গন্তব্যে সংযোগ ফ্লাইটে যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে।
উল্লেখ্য, ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট প্রথম চালু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি বছরের জুলাইয়ে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে।
The post প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ appeared first on ভোরের চেতনা.
