গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নাজমুল হুদা নিয়ন (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। দিনভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিম পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পরিবারে স্ত্রী ছাড়াও দুই মেয়ে রয়েছে তার।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। বুধবার বড় ভায়রার বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে নিয়ন, তার স্ত্রী যুঁথি এবং ভাগ্নে নেহাল ও সীমান্ত কাজলডোপ এলাকায় ঘাঘট নদীর পাড়ে যান। যুঁথি নদীর পাড়ে বসে ছিলেন, দুই ভাগ্নেসহ গোসল করতে নামেন নিয়ন। একটু নেহাল ও সীমান্ত নদী থেকে তীরে উঠে এলেও নিয়ন নিখোঁজ হন।
নিয়নের ভগ্নিপতি মাসুদ মিয়া জানান, নিয়ন ও তার স্ত্রীসহ চারজন নদীতে গোসল করতে যান। যুঁথি নদীর পাড়েই বসে ছিলেন। তিনজন নদীতে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই নিয়ন পানিতে তলিয়ে যান। ভাগ্নে নেহাল ও সীমান্ত পাড়ে উঠে এলেও নিখোঁজ হয়ে যান নিয়ন। আজ দিনভর খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে তারা ঘটনাস্থলে যান। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরিদলের সঙ্গে যোগাযোগ করেন তারা। ডুবুরিরা দুপুর ২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আসেন। এরপর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। আগামীকাল শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।
