বন্ধ থাকার দুই মাস পর আবারও দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়।
বিজ্ঞাপন
এর আগে ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনিতে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল বলে জানা গেছে।
খনি সূত্রে জানা যায়, দুই মাস ধরে পুরোনো ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রম শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার সকাল থেকে এ ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিরতির পর কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরো জানান, নতুন ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন কার্যক্রমে আবারও গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
