

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। হামলা চালানো দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি নিয়েও কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ফারুকী-তিশার ১৬ বছরের সংসারে বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে যা জানা গেল!
২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবনে ছন্দপতনের গুঞ্জন উঠেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে ঘিরে। বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া আলোচনা অনুযায়ী, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। এমনকি তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ফারুকী কিংবা তিশা। দীর্ঘদিনের এই সম্পর্কে দূরত্ব তৈরির পেছনে মতের অমিলকে কারণ হিসেবে উল্লেখ করছেন তাদের ঘনিষ্ঠজনেরা। গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের প্রস্তুতিও নিচ্ছেন তারা। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলেও আলোচনা চলছে। বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার। আর এই বিষয়কে কেন্দ্র করেই তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, সম্পর্কের এই সংকট যেন বিচ্ছেদে গিয়ে না পৌঁছায়, সে চেষ্টা করছেন তাদের ঘনিষ্ঠজনেরা বলে শোনা যাচ্ছে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ও মান-অভিমান দূর করে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে শেষ পর্যন্ত এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি তিনি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনের সময় নানা সমালোচনার মুখে পড়া ফারুকীকে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনের কর্মকাণ্ডে তুলনামূলক কম দেখা যাচ্ছে। কাজের সূত্র ধরেই পরিচয় হয়েছিল ফারুকী ও তিশার। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে এই দম্পতির ঘর আলো করে আসে এক কন্যাসন্তান, ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘদিনের ভালোবাসা ও একসঙ্গে পথচলার কারণে তাদের সম্পর্ক ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ফারুকী ও তিশা কথা বলতে রাজি হননি বলে জানা গেছে। ফলে তাদের দাম্পত্য জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে নানা দাবি ও আলোচনা চললেও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই।

সৌদিতে নজরুল-সুইটির শি'রশ্ছেদ নিয়ে যা বললেন ক্ষুব্ধ শ্রীলেখা!
মানুষের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সৌদি আরবে প্রবাসী নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের প্রসঙ্গ টেনে ভালোবাসা ও মানবাধিকারের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। শ্রীলেখার প্রশ্ন, ভালোবাসার জন্য কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ক্ষোভ ও উদ্বেগের কথা জানান এই অভিনেত্রী। সেখানে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সঙ্গে ধর্মের নামে মানুষের ওপর নির্যাতনের বৈপরীত্য তুলে ধরেন তিনি। শ্রীলেখা লেখেন, ‘আমরা এআই ব্যবহার করছি, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা, এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!’ সৌদি আরবে একটি মসজিদে চুম্বন করার ঘটনায় দুই ব্যক্তির শিরশ্ছেদের খবরকে ভয়াবহ বলে উল্লেখ করেন শ্রীলেখা। তার মতে, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সব ধর্মের মূল কথাই ভালোবাসা এমন বিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি। ধর্মের নামে ভয়, ঘৃণা ও হিংসা ছড়ানোর সমালোচনা করে অভিনেত্রী বলেন, ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিষ্টধর্ম যে ধর্মের নামেই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা ছড়ানো হোক না কেন, তা তার কাছে সমানভাবে ঘৃণ্য। স্ট্যাটাসে শ্রীলেখা আরও প্রশ্ন তোলেন, নিজের মতপ্রকাশের জন্য কেন তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে? সৌদি আরব, ইরান কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ কি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে? নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না। হয়তো আমি একজন old soul। আর পুরোনো আত্মাদের পৃথিবীর এই নিষ্ঠুরতা একটু বেশিই যন্ত্রণা দেয়।’ স্ট্যাটাসের শেষাংশে মানুষের জীবন ও ভালোবাসার গুরুত্বের ওপর জোর দেন শ্রীলেখা। তার বক্তব্য, ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, মানুষের জীবন, স্বাধীনতা ও ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না।

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’
উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে আলোচনায় এসেছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। এই সাফল্যের পর এবার সিনেমাটির জন্য এসেছে আরেকটি সুখবর। লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ‘দেলুপি’। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। মঙ্গলবার রাতে খবরটি জানান নির্মাতা তাওকীর। তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যায় হবে ‘দেলুপি’র প্রদর্শনী। তবে টিম থেকে তারা কেউই এতে অংশ নিতে পারছেন না। সে জন্য লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এর আগে আরও অনেক উৎসবেই অংশ নিয়েছিল ‘দেলুপি’। এমনকি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ভূয়সী প্রশংসা পেয়েছিল ইতালির কারাভান উৎসবেও। ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে অভিনয়ও করেছেন সেখানকার স্থানীয় মানুষেরা। চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেটে ব্যস্ত প্রভা
একসময় নাটকের পর্দায় নিয়মিত দেখা যেত সাদিয়া জাহান প্রভাকে। ব্যক্তিগত জীবনের নানা ঝড়, বিরতি আর নতুন করে ফেরার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীর জীবনে এখন যোগ হয়েছে আরেকটি পরিচয়। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। অভিনয়ও করছেন, তবে এখন আর সেটিকে জীবনের একমাত্র পেশা হিসেবে দেখছেন না প্রভা। বরং নিজের পছন্দ, সম্মান ও পারিশ্রমিককে গুরুত্ব দিয়ে বেছে নিচ্ছেন কাজ। প্রভা জানিয়েছেন, অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই কাজ করতে চান তিনি। অভিনয়কে আপাতত দ্বিতীয় পছন্দ হিসেবে দেখলেও পর্দা থেকে পুরোপুরি সরে যাননি এই অভিনেত্রী। এরই মধ্যে সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’—দুটি ছবিতেই যুক্ত হয়েছেন গল্প ও চরিত্র পছন্দ হওয়ায়। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও দেখা যাচ্ছে তাকে। প্রভার ক্যারিয়ারে যেমন সাফল্য এসেছে, তেমনি ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও তার পথচলাকে প্রভাবিত করেছে। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তখন দুজনই ছিলেন আলোচিত জুটি। বিভিন্ন টক শোতেও একসঙ্গে দেখা যেত তাদের। তবে, সে সময় প্রভার সাবেক প্রেমিক তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে দেন। ঘটনাটির পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর সামাজিক ও মানসিকভাবে কঠিন সময় পার করেন প্রভা। কিছুদিনের জন্য অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে সরে যান। ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসারও ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতার পর আবারো অভিনয় থেকে বিরতি নেন তিনি। তবে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরে আসেন প্রভা। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও নিজের অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের শিকার হয়েছেন প্রভা। ২০২৩ সালে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান তিনি। একসময় নেতিবাচক মন্তব্যের ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন এই অভিনেত্রী। এখন সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও ও নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। অন্যায়ের প্রতিবাদেও সরব হন। ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে প্রভা এখন নিজের কাজ ও জীবনকে নিজের মতো করে সাজাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি করপোরেট দায়িত্ব সামলানো তার সেই নতুন পথচলারই অংশ। পর্দায় তাকে কতটা নিয়মিত দেখা যাবে, তা সময়ই বলবে; আপাতত কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই। কখনো উচ্চারণের সীমাবদ্ধতা তো কখনো অভিনয়ের ‘দুর্বলতা’ নিয়ে নিন্দার শিকার হন রাশমিকা। একদিকে যেমন তাকে ‘জাতীয় ক্রাশ’ মানেন নেটিজেনদের একাংশ, আবার তার কটাক্ষও করতেও কার্পণ্য করে না আরেক পক্ষ। এসব সমালোচনা নিয়ে এবার খোলাখুলি জবাব দিলেন ‘এনিম্যাল’ অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছেন রাশমিকা। সেখানেই তার কাছে সমালোচনার ব্যাপারে জানতে চাওয়া হয়। রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’ ‘পুষ্পা’ অভিনেত্রী আরো বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’ রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও রয়েছে সমালোচনা। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’ সব সিনেমায় তার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। অধিকাংশের মতে, তার হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। এ নিয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’ প্রসঙ্গত, ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। বক্স অফিসে অবশ্য সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে তার সঙ্গে আছেন বিজয় দেবেরাকোন্ডা।


