কালবেলা · আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৯৭ কর্মকর্তার বিরুদ্ধে ইরানের অভিযোগপত্র
১৪/১০/২০২৬

ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৯৭ জন রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দেশটির বিচার বিভাগ। এর মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার করা একটি মামলায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আলী কাজেমি জানান, দেশটির প্রধান কৌঁসুলির দপ্তরের উদ্যোগ এবং পারমাণবিক শক্তি সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলা দুটি আদালতে পাঠানো হয়েছে।
প্রথম মামলায় ‘রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ’, জাতীয় নিরাপত্তা দুর্বল করা এবং জাতীয় সম্পদ দখল ও ধ্বংসের উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি পারমাণবিক শক্তি সংস্থার সম্পদ ধ্বংস ও অগ্নিসংযোগের অভিযোগসংক্রান্ত। এসব ঘটনায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান।
কাজেমি এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, হামলার পরিকল্পনা, নির্দেশনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডারদের ব্যক্তিগতভাবে দায়ী করা যেতে পারে। তবে অভিযুক্তদের নাম বা কার বিরুদ্ধে কী অভিযোগ, তা প্রকাশ করেনি বিচার বিভাগ।
এর আগে ৬ অক্টোবর কাজেমি জানিয়েছিলেন, সাম্প্রতিক দুটি যুদ্ধের ঘটনায় ইরানে ৪৭৬টি মামলা হয়েছে এবং ১৬৩টি অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বরও ইরানি কমান্ডারদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৯৭ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। মঙ্গলবারের ঘোষণায় অভিযুক্তদের মধ্যে আগের মামলার কেউ রয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
সূত্র: শাফাক নিউজ
মূল প্রতিবেদনে যান ↗