দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ বালিয়াড়ির সৌন্দর্যে ডুবে থাকতে তারকারাও হরহামেশা যান এই নোনাজলের শহরে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য কক্সবাজার অনেকটা ঘরের মতোই। প্রায়ই সেখানে যান অবকাশ যাপনে। শনিবার (২৪ অক্টোবর) একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো ধারণ করেছেন কক্সবাজারের কোনো একটি রিসোর্ট থেকে।
ছবিতে মিমের পরনে রয়েছে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের পায়জামা। বোঝাই যাচ্ছে, অবকাশে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তার ক্যাপশনেও সেই ইঙ্গিত পাওয়া গেল। মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’
অর্থাৎ কক্সবাজার মিমের কাছে এমন একটি জায়গা, যেখানে তিনি স্বস্তি ও প্রশান্তি খুঁজে পান। যেমনটা মানুষ নিজের ঘরে অনুভব করে। নির্ভার, আরামদায়ক অনুভূতি।
পোস্টটি দেয়ার পর চার ঘণ্টায় তাতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য শতাধিক। কেউ বলছেন, ‘বিদ্যা আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’; আরেকজনের মন্তব্য, ‘ন্যাচরাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান’; আবার কেউ তার কাছে জানতে চাইছেন হোটেলের নাম।
এদিকে অভিনয়ে কিছুদিন আগে মিম সম্পন্ন করেছেন ‘জীবন অপেরা’র শুটিং। আলভী আহমেদের এই সিনেমায় তার সঙ্গে আছেন শরিফুল রাজ। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
The post কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন appeared first on Ctgtimes.com.
