কালবেলা · general
সেই অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইলেন শিক্ষার্থী
১৩/১০/২০২৬

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহার কক্ষে গিয়ে অসদাচরণ করা এক শিক্ষার্থী তার পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে তার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন এক শিক্ষার্থী।
ভিডিওতে দেখা যায় ওই শিক্ষার্থী বলেন, গতকালের বিষয়ের জন্য আমরা সবাই অনেক উত্তেজিত ছিলাম, আমরা নিজেদের কন্টোল করতে পারিনি। আপনি আমাদের পিতার মতো, সব আন্দোলকারীর পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। তিনি অধ্যক্ষের পায়ে ধরে মাফ চান।
এসময় অক্ষক্ষ বলেন, ‘তোমরা সবাই আমার সন্তানের মতো। আমার সন্তান তোমাদের চেয়ে অন্তত ৫-৬ বছরের বড়। সন্তান অনেক সময় বাবা-মায়ের কাছে ভুল-ভ্রান্তি করে ফেলে, তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি। তোমরা ক্লাসে ফিরে যাও, ক্লাস করো।’
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যক্ষ তপন কুমার সাহার প্রতি শিক্ষার্থীদের খারাপ আচরণের নিন্দা জানান এক ব্যক্তি। পোস্টে তিনি অধ্যাপক তপন কুমার সাহাকে একজন সৎ, আদর্শবান ও ভদ্র শিক্ষক হিসেবে উল্লেখ করেন।
তিনি লেখেন, তপন কুমার সাহা বিএম কলেজসহ বিভিন্ন কলেজে দীর্ঘ সময় চাকরি করেছেন। কর্মজীবনে তার বিরুদ্ধে কখনো কোনো ধরনের অভিযোগ ওঠেনি। সব শিক্ষার্থীই তপন কুমার সাহাকে পছন্দ করেন এবং তার মতো ভালো ও ভদ্র শিক্ষক খুব কমই দেখেছেন।
মূল প্রতিবেদনে যান ↗