দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
- Advertisement -
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, খুলনা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সংখ্যাই সবচেয়ে বেশি—৬০৫ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ১৮৩ জন মারা গেছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
টানা বৃষ্টি ও বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস না হওয়ায় এবং সিটি করপোরেশনগুলোর মশক নিধন কার্যক্রমে ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে, অনেকে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
চিকিৎসকরা বলছেন, জ্বরের সঙ্গে শরীর ব্যথা, মাথাব্যথা বা চোখের পেছনে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এডিস মশার প্রজনন রোধে ঘরের ভেতরে ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
