এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান প্রধান শিক্ষক।
রোববার (১১ অক্টোবর) এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবি জানান। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ শুরুতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এর জের ধরে রোববার বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধান শিক্ষক মো. আবুল মালেক অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান।
তবে শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহর বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তাঁদের দাবি, এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। এ ছাড়া প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আবুল মালেক বলেন, অভিযুক্ত শিক্ষক শহিদুল্লাহকে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রথমে অভিযুক্ত শিক্ষক শহিদুল্লাহর কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এব্যাপারে ধর্মীয় শিক্ষক শহিদুল্লাহ’র সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় বিদ্যালয় ও স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
The post ঝিনাইগাতীতে দশম শ্রেণীর শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ধর্ম শিক্ষকের বিরুদ্ধে appeared first on সকালের খবর ২৪.
