ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে উন্নীত রোনালদো-কার্লোসের ইন্টার দে লিমেইরা

প্রভাত স্পোর্টস : ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও রবার্তো কার্লোস তাদের তত্ত্বাবধানে থাকা ক্লাবের অসাধারণ সাফল্য দেখলেন। গত সেপ্টেম্বরে একটি বিনিয়োগকারী দলের অংশ হিসেবে ১১২ বছরের পুরোনো ক্লাব ইন্টার দে লিমেইরার ৮০ শতাংশ শেয়ার কিনে নেন। দুই কিংবদন্তির স্পর্শে বদলে গেল ব্রাজিলিয়ান ক্লাবটির ভাগ্য।
সিরি সি-তে নাটকীয় সপ্তাহের সমাপ্তির পর দলটি ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছে। শেষ দিনে পরাজয় সত্ত্বেও ক্লাবটি ৩৫ বছর বছর পর দ্বিতীয় স্তরে ফিরল।
গ্রুপ বি-র চূড়ান্ত পর্বের খেলা শেষ হওয়ার পর গোল করার সংখ্যায় ব্রুসককে পেছনে ফেলে সাও পাওলো ক্লাব ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত করল। গ্রুপ বিজয়ী ফেরোভিয়ারিয়ার কাছে ২-০ গোলে লিমেইরা হারলেও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ড্রয়ের সুবাদে তৃতীয় বিভাগ থেকে উপরে উঠে আসল তারা।
দ্বিতীয় বিভাগে ওঠা নিশ্চিত হতেই ক্লাবের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই সাফল্য উদযাপন করা হয়। সাড়ে তিন দশক পর দ্বিতীয় স্তরে উঠে তারা পোস্ট করেছে, ‘সিংহ জেগে উঠেছে। ইন্টার ডে লিমেইরা সিরি বি-তে! চিৎকার করো, কাঁদো এবং তাদেরকে জড়িয়ে ধরো যারা ভুগেছে এবং তোমাদের ওপর বিশ্বাস রেখেছে। আমাদের স্বপ্ন বাস্তব হলো।’
তারা আরও লিখেছে, ‘এই সাফল্য ক্লাবের প্রতিটি খেলোয়াড়, প্রতিটি কর্মী এবং প্রত্যেক পেশাদারের কঠোর পরিশ্রমের ফল। এর সাথে রয়েছে আমাদের অংশীদারদের সমর্থন এবং এমন এক ভক্তগোষ্ঠীর শক্তি, যারা সিংহকে কখনো একা চলতে দেয়নি! এটা তোমার জন্য, লিমেইরা! উন্নীত হওয়াটা আমাদের।’
ক্লাবের বিনিয়োগকারী রোনালদো সোশ্যাল মিডিয়ায় এই উদযাপনে অংশ নিতে দেরি করেননি। ক্লাবের ঘোষণা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় পোস্ট করে লিজেন্ডারি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাদামাটা প্রতিক্রিয়া দেখিয়েছেন: ‘শাবাস’, পাশে ছিল তিনটি হাততালির ইমোজি।
More News Of This Category

