শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন ওই সাংবাদিক।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, এলাকাটি নির্জন হওয়ায় নিরাপত্তার জন্য তিনি সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন। তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। এ সময় অন্ধকারে আরও কয়েকজনকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, কাউছার নামের এক ব্যক্তি ওই দলের নেতৃত্বে ছিলেন।
জাহাঙ্গীর আলম প্রধানের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরেই শুক্রবারের ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন। এদিকে, অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বিবরণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে ‘মোনাভী অল বাংলাদেশ’ নামে একটি কোম্পানির মাধ্যমে বরগুনার আমতলী এলাকা থেকে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে অতীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
The post ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ, আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি appeared first on ভোরের চেতনা.
