আজকাল ওয়েবডেস্ক: বিক্ষোভের আঁচ কমছে না ফ্রান্সে। শনিবার নতুন করে বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতি। নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এখনও পর্যন্ত ১৩৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্বের শহর লিওঁতে পুলিশ শহরকেন্দ্রের কাছে প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যেখানে বিক্ষোভ নিষিদ্ধ ছিল। বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য একটি রাস্তা অবরোধ করার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। গত সপ্তাহান্তের সংঘর্ষ ও লুটপাটের প্রধান শিকার হওয়া এলাকাগুলোতে পুলিশকে দাঙ্গা দমন করতে একাধিক সরঞ্জাম প্রস্তুত করতেও দেখা গিয়েছে।
ফ্রান্সে শিক্ষা খাতে খরচ বাড়ানো এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এক লক্ষের বেশি মানুষ বিক্ষোভে সামিল হন। আজ এই বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার নতুন করে চাপে পড়েছে। বিক্ষোভের শেষ দিকে বিভিন্ন স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং জলকামান ব্যবহার করে।
জানা গিয়েছে, এদিন ফ্রান্সের বিভিন্ন শহর মিলিয়ে বিক্ষোভে চার লক্ষের বেশি মানুষ অংশ নেন। রাজধানীর কেন্দ্রীয় এলাকা এড়িয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে নির্ধারিত পথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে নিষেধাজ্ঞা ও চলাচলে বিধিনিষেধ উপেক্ষা করেও বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্যারিস ছাড়াও লিওঁ, ক্লেরমঁ-ফেরাঁ ও স্ত্রাসবুর্গ শহরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। নিস ও নঁতে শহরে ব্যবহার করা হয় জলকামান। মার্সেই শহরে মিছিলের শেষ প্রান্তের কাছে কয়েক ডজন মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে সেখানেও কাঁদানে গ্যাস ছোড়া হয়।
