প্রতিনধি, হবিগঞ্জ · ১৫ অক্টোবর, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন
হবিগঞ্জের অলিপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন খালেক। অলিপুর এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গুগলে আমাদের খবর পেতে
