কালবেলা · অর্থনীতি
ইরানের অর্থনীতি ‘ধসে পড়া’ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ তেহরানের
১৪/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে দেশটির অর্থনীতিতে চাপ বাড়ছে, কমছে মুদ্রার দাম, বাড়ছে জিনিসপত্রের খরচ। তবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে বলে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনর্বহাল করে। এরপর দেশটির সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের যোগাযোগ আরও সীমিত করতে নতুন অভিযান শুরু করে ওয়াশিংটন। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সার হিসাবে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইরানের সমুদ্রপথে তেল রপ্তানি শূন্যে নেমে আসে।
এদিকে গত জুলাই থেকে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য প্রায় ৩৫ শতাংশ কমেছে। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৭৩ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হেম্মতি জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রার দর স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। রিয়ালের দরপতন ঠেকাতে গত সেপ্টেম্বরের শেষ দিকে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিক্রির কর্মসূচিও চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗