Published on
:
2 min read
এশিয়ান প্যারা গেমসে দাপট দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। তৃতীয় দিনের শেষে ৬২টি পদক নিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছিল ভারত। এমন আবহে বড় বিতর্কে নাম জড়াল ভারতের প্যারা সাঁতারু মহম্মদ শামস আলম শেখের। জাপানে মহিলা হোটেলকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৪০ বছর বয়সি এই অ্যাথলিটের বিরুদ্ধে। জাপান পুলিশের হাতে আটক হওয়ার পরে দেশে ফেরত পাঠানো হয়েছে শামস আলমকে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন তিনি। শামসকে আজীবন নির্বাসিত করার কথা ভাবছে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (PCI)।
ঠিক কী অভিযোগ শামস আলমের বিরুদ্ধে?
একাধিক রিপোর্টে প্রকাশ, নাগোয়ায় ভারতের প্যারা সুইমারদের টিম যে হোটেলে রয়েছে, সেখানে সোমবার ওই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শামস আলমের ঘর পরিষ্কারের কাজ করছিলেন হাউসকিপিংয়ে নিযুক্ত এক মহিলা কর্মী। তখনই তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। বিষয়টি স্থানীয় আয়োজক কমিটির নজরেও আসে। তারাই ভারতীয় দলের আধিকারিকদের ঘটনাটি জানায়। এমন অভিযোগের ভিত্তিতে জাপানের পুলিশ শামস আলমকে আটক করে।
ঘটনার পরের দিন, অর্থাৎ মঙ্গলবার তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। এশিয়ান প্যারা গেমসে একাধিক ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল শামস আলমের। কিন্তু এমন অভিযোগের জেরে টুর্নামেন্টে অংশগ্রহণের আগেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। এশিয়ান প্যারা গেমস শেষ হলে এই ঘটনা নিয়ে তদন্ত চালাবে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (PCI)। আজীবন নির্বাসনের মুখেও পড়তে পারেন শামস আলম। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কে এই মহম্মদ শামস আলম শেখ?
বিহারের বাসিন্দা মহম্মদ শামস আলম শেখ ভারতীয় প্যারা সাঁতারুদের মধ্যে পরিচিত নাম। আন্তর্জাতিক স্তরে একাধিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ার্ল্ড প্যারা সুইমিংয়ে পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের S5 বিভাগ এবং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের SB4 বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানেও ছিলেন তিনি।
২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে ২০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে সোনা জিতেছিলেন শামস আলম। ২০২৫ সালে রেইকিয়াভিক ইন্টারন্যাশনাল গেমসেও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন। এ বার এশিয়ান প্যারা গেমসে পদকের লড়াইয়ে নামার আগেই গুরুতর অভিযোগের মুখে শামস। এই ঘটনা ভারতীয় দলের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
FAQ
প্রশ্ন: মহম্মদ শামস আলম শেখের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?
উত্তর: জাপানের নাগোয়ায় ভারতীয় দলের হোটেলে এক মহিলা হাউসকিপিং কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে প্যারা সাঁতারু মহম্মদ শামস আলম শেখের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছিল।
প্রশ্ন: শামস আলম শেখকে কেন দেশে ফেরানো হয়েছে?
উত্তর: জাপানে মহিলা হোটেলকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে আটক হওয়ার পর মঙ্গলবার তাঁকে ভারতে ফেরত পাঠানো হয় বলে রিপোর্টে প্রকাশ।
প্রশ্ন: শামস আলম শেখের বিরুদ্ধে কি আজীবন নির্বাসনের সিদ্ধান্ত হয়েছে?
উত্তর: না, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া (PCI) এশিয়ান প্যারা গেমসের পরে ঘটনাটি নিয়ে তদন্ত করতে পারে। আজীবন নির্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
প্রশ্ন: মহম্মদ শামস আলম শেখ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর: তিনি ভারতের একজন প্যারা সাঁতারু। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং একাধিক সাফল্য পেয়েছেন।
