সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৬৬ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

