প্রকাশিত: ২২:২৮, ২২ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
রথো রাফি
কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
রথো রাফির ভাই এহতেশাম গণমাধ্যমকে জানান, তিন দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
তিনি আরও জানান, রথো রাফির মরদেহ তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নেওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রথো রাফির জন্ম ১৯৭৫ সালের ৩১ মার্চ। পেশাগত জীবনে তিনি সাংবাদিক হলেও তার মূল পরিচয় ছিল কবি হিসেবে। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সমকাল ও ভোরের কাগজ-এ কাজ করেছেন।
রসায়নশাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও তার মনন গড়ে উঠেছিল কবিতা ও অনুবাদের জগতে। গত শতকের নব্বইয়ের দশকে তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করেন।
২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম ও একমাত্র কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। কবিতায় স্বতন্ত্র ভাষা ও চিন্তার জন্য তিনি সাহিত্যাঙ্গনে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও সাহিত্যজগতে শোকের ছায়া নেমে এসেছে।
