চীনের রাজধানী বেইজিংয়ের জনসংখ্যা ২০৩৫ সালের মধ্যে ‘অতি-বয়স্ক’ পর্যায়ে পৌঁছাতে পারে। তখন শহরটির মোট বাসিন্দার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছর বা তার বেশি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার। শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ তারা।
বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের সহায়তা জোরদার করছে বেইজিংয়ের স্থানীয় সরকার। এর অংশ হিসেবে মৌলিক পেনশনের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা কমছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এতে অর্থনীতিতে ভোগব্যয় বাড়ানো এবং সরকারি ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনা কঠিন হয়ে উঠছে। বিপুলসংখ্যক মানুষ কর্মজীবন থেকে অবসরে যাওয়ায় পেনশন ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে।
জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদদের মতে, জন্মহার কম থাকলে ভবিষ্যতে পরিবারসংখ্যা কমতে পারে এবং মানুষের ভোগব্যয় বৃদ্ধির গতিও ধীর হতে পারে।
সূত্র: রয়টার্স
