লালমনিরহাটে ঐতিহ্যবাহী বৈদ্যের বাজার হরিবাসর সাংস্কৃতিক কলেজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় কলেজটির অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলার আশ্বাস দেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) কলেজটি পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ফুল ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। এ সময় কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ ছাড়া কলেজের লাইব্রেরি ও বিজ্ঞানাগার পরিদর্শন করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “তোমরাই আমার লালমনিরহাটের ভবিষ্যৎ। তোমাদের চোখে আমি বাংলাদেশের স্বপ্ন দেখি। মাদক, জুয়া ও মোবাইলের অপব্যবহার থেকে দূরে থেকে তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা ভালো ফলাফল করো, তোমাদের পাশে আমি দুলু সব সময় আছি।”
কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের এই ছোট কলেজে মাননীয় মন্ত্রী নিজে এসেছেন, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমরা আশা করি, তাঁর হাত ধরেই এই কলেজ একদিন জেলার শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে।”
কলেজের অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে সূত্র জানিয়েছে।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
