যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রাজনৈতিক মন্তব্য সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে ডেমোক্র্যাটিক পার্টির এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের অন্দরমহল ও নানা অবকাঠামোগত সংস্কার নিয়ে বেশ কড়া কড়া কথা বলেন তিনি। মজার ছলে করেন সমালোচনাও।
জনসভায় ট্রাম্পের সংস্কার কাজ নিয়ে রসিকতা করে ওবামা বলেন:
‘আপনারা বিষয়টি খেয়াল করেছেন কি না জানি না, তবে মনে হচ্ছে তিনি (ট্রাম্প) বাড়িঘরের নানা কিসিমের সংস্কার কাজ নিয়েই খুব বেশি ব্যস্ত। তার তো এইচজিটিভি-তে একটা শো করা উচিত! তিনি এমন একটা বলরুম বানাচ্ছেন যা খোদ হোয়াইট হাউসের চেয়েও বড়। রোজ গার্ডেন বা গোলাপ বাগান পাকা করে সেখানে হেলিকপ্টার নামার প্যাড বানিয়েছেন। আর সব জায়গায় শুধু সোনা আর সোনা, ব্যাপার কী বলুন তো?’
এরপরই উপস্থিত জনতার করতালির মধ্যে ট্রাম্পের সংস্কার করা হোয়াইট হাউসের সাথে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের রাজপ্রাসাদের তুলনা টেনে ওবামা তার সেই আলোচিত মন্তব্যটি করেন:
‘হোয়াইট হাউসকে তিনি এমন এক দশায় এনে দাঁড় করিয়েছেন, যেন মনে হচ্ছে, সাদ্দাম হোসেন বুঝি একটা চিজকেক ফ্যাক্টরি খুলেছেন—চারদিকে শুধু সোনা আর সোনা!’
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যামি অ্যাকটন এবং শেরোড ব্রাউনের পক্ষে প্রচার চালাতে গিয়ে ওবামা এই তীর্যক মন্তব্যগুলো করেন। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতি ও হোয়াইট হাউসের বিলাসবহুল সংস্কারের পাশাপাশি পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক চাপ নিয়ে তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ সাড়া ফেলেছে।
