প্রধানমন্ত্রীর মোংলা-সুন্দরবন সফর ঘিরে উৎসবের আমেজ
01/01/1970 12:00:00
মোংলা প্রতিনিধি
আগামী ২২ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা ও উপকূলীয় অঞ্চল সফরকে কেন্দ্র করে মোংলা দক্ষিণাঞ্চলে বইছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর এই বহুল কাঙ্ক্ষিত আগমনকে ঘিরে মোংলা বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দিগরাজ থেকে মোংলা বাসষ্টান্ড পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা ৫ কিলোমিটার সড়ক দ্রুত গতিতে সংস্কার ও মেরামতের কাজ চলছে। একইভাবে খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কপথ সংস্কার করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি কেড়েছে।
সফরকে কেন্দ্র করে মোংলা সমুদ্র বন্দরের জেটি এলাকা, নৌযান ও সকল গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর বন্দর জেটি এবং মোংলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)-এর প্রস্তাবিত এলাকা পরিদর্শনের কথা রয়েছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড পশ্চিম জোন।
সফরের অন্যতম আকর্ষণে থাকছে আকাশপথে সুন্দরবন পর্যবেক্ষণ। বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী সুন্দরবনের প্রাকৃতিক রূপ অবলোকন করে হিরনপয়েন্ট এলাকায় নজর রাখবেন। এ উপলক্ষ্যে বন বিভাগের সকল স্টেশন ও টহল ফাঁড়িকে প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নামার জন্য খুলনা দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি হেলিপ্যাডমাঠও প্রস্তুত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী প্রথমে আকাশপথে সুন্দরবন পরিদর্শনের পর খুলনা দাকোপের নলিয়ান লঞ্চঘাট পরিদর্শন করবেন। সেখান থেকে নৌপথে বানৌজা মোংলায় পৌঁছাবেন বাংলাদেশ সরকারের প্র:ধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে তিনি মোংলা পোর্ট জেটি এলাকা পরিদর্শন করবেন। পরে দীর্ঘদিন পরে থাকা মোংলা বেজা প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকালে প্রধানমন্ত্রী মোংলা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। উপকূলীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের সার্বিক উন্নয়ন ও বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন মোংলার স্থানীয় সর্বস্তরের মানুষ।
