স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কাটাখালী থানার এমাদপুর গ্রামের আবুল কালাম আজাদ (৪৪) ও একই গ্রামের মানিক ইসলাম (৪৪)।
বৃহস্পতিবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাতে কাটাখালী থানার এমাদপুর গ্রামে অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী দল। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ২১০ টাকাসহ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ সহযোগী মানিকের বিষয়ে তথ্য প্রদান করেন।
প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এমাদপুর গ্রামের মানিকের বসতবাড়িতে অভিযান চালায় কাটাখালী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মানিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর বসতবাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে লুকানো ড্রাম থেকে ৩ হাজার ৭০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মানিক দীর্ঘদিন ধরে আইনশ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় থানায় মোট ৮টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮টি মামলা বিচারাধীন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে আরএমপি।
সোনালী/জগদীশ রবিদাস
The post টাইলস তুলে গোপন ড্রামে মাদকের মজুদ: ১২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ appeared first on সোনালী সংবাদ.
